সাদুল্লাপুরে যুব জামায়াতের মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোজাহিদুল ইসলাম, সাদুল্লাপুর প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় নলডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে নলডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এবং “মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

নলডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আল আমিন মিয়া, সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর জব্বার, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মো. রফিকুল ইসলাম, রোকন সদস্য মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মেহেদী হাসানসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, পরিবার, সমাজ ও তরুণদের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব। সমাবেশ শেষে বক্তারা নলডাঙ্গা ইউনিয়নসহ পুরো সাদুল্লাপুর উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর নজরদারি এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।