লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত রনি সরকারের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নিহত রনির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। মানবিক সহায়তার অংশ হিসেবে মন্ত্রী নিহতের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহের সুবিধার্থে গবাদি পশু প্রদান করেন।
এ সময় আসাদুল হাবিব দুলু বলেন, “একটি অকাল মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। সরকার ও ব্যক্তিগতভাবে আমরা এই দুঃসময়ে আপনাদের পাশে আছি।” তিনি মরহুম রনি সরকারের রুহের মাগফিরাত কামনা করে তার জন্য জান্নাতুল ফেরদৌসের দোয়া করেন।
উল্লেখ্য, গত ২৪ জুন বুধবার দুপুর ২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ৫ নম্বর হারাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর ইসলামের ছেলে মো. রনি সরকার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে স্থানীয়রা ঘাতক মাইক্রোবাসের চালকের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।