লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে একই পরিবারের মা ও তিন মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভাসমান ফল বিক্রেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ওই সন্দেহভাজনেরও মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর বেগমের স্বামী কামাল মারা যান। এরপর থেকে তিনি তিন মেয়েকে নিয়ে রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে স্থানীয়রা ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে এগিয়ে যান। পরে ঘরের ভেতরে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
অভিযোগ রয়েছে, এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন ভাসমান ফল বিক্রেতা অন্তর মজুমদার। স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, ধারালো অস্ত্র দিয়ে হামলায় শাহিনুর বেগম, সায়মা আক্তার ও শিফা আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইকরা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।