মাদারীপুরে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রবিউল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, র‌্যাব-৮-এর প্রতিনিধি, পাবলিক প্রসিকিউটর (পিপি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।