প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তাদের দেশের মানুষের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা, আর তা বাস্তবায়ন করবে সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের কাজ নীতি নির্ধারণ করা নয়।”
তিনি আরও বলেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের সেবা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, যে অর্থ দিয়ে দেশের মানুষের উন্নয়ন করা সম্ভব ছিল।
অনুষ্ঠানে পরে ড. আব্দুল মঈন খান শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে জিআর চাল এবং নগদ অর্থ বিতরণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।