বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট ২০২৬। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ সামিটের মূল কনফারেন্স বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, একাডেমিক প্রতিনিধি, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)-এর আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সামিটে পাঁচ দিনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন বলে আশা করছেন আয়োজকরা।
সম্মেলনের প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণা ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করাই এ আয়োজনের লক্ষ্য।
এর আগে ২৩ জুন থেকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে সামিটের অংশ হিসেবে বিভিন্ন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব কর্মশালায় সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র্যানসামওয়্যার প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছেন, সামিটের সমাপনী অনুষ্ঠান আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থা অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।