আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম মুজাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি ডা. আবু সাঈদ ও পৌর যুব বিভাগের সভাপতি আব্দুল আউয়াল। এছাড়াও অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, যুব বিভাগের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকাসক্তি তরুণ সমাজের মেধা, নৈতিকতা ও কর্মক্ষমতা নষ্ট করে অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ায়।
তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক নির্মূলে কার্যকর আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে নিজে মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও মাদক গ্রহণ ও বিস্তার থেকে বিরত রাখতে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।