৮০০ টাকা বাকি নিয়ে মারধর, দোকানদারের হামলায় খদ্দের রক্তাক্ত

রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাত্র ৮০০ টাকা বকেয়া আদায়ের অজুহাতে এক নারীকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে দোকানঘরে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে এক দাদন ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পঁচারপাড়া গ্রামে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মোহনা বেগম ও তার পরিবার দীর্ঘদিন ধরে ইমরান মিয়ার দোকানের নিয়মিত খদ্দের। লেনদেনের এক পর্যায়ে মাত্র ৮০০ টাকা বাকি পড়াকে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময় অপমান ও অপদস্থ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন মোহনা বেগম তার আড়াই বছরের শিশুকে কোলে নিয়ে পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানদার ইমরান মিয়ার স্ত্রী রুপা বেগম তাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে রুপা বেগম মোহনা বেগমের চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে দোকানঘরের ভেতরে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় কোলে থাকা শিশুটি রাস্তায় পড়ে গিয়ে আহত হয় এবং কান্নাকাটি শুরু করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, ইমরান মিয়া দাদন ব্যবসার সঙ্গে জড়িত এবং আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলে জানা যায়।

এদিকে ভুক্তভোগী মোহনা বেগম মারধর ও তার শিশু সন্তানকে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।