আগামীতে দেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জুন) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকিতে এবার ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিস এবং আইএসে এই ড্যাশবোর্ডের সুবিধা থাকবে।
তিনি বলেন, প্রতিদিন প্রতিটি প্রকল্পের অগ্রগতি কী হচ্ছে, তা সরকার সরাসরি পর্যবেক্ষণ করবে। কোনো প্রকল্পের কাজের গতি কমে গেলে বা কোনো ধরনের ল্যাপস হলে তাৎক্ষণিকভাবে ড্যাশবোর্ডে বিষয়টি উঠে আসবে। এরপর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ঋণ বর্তমান সরকারকে পরিশোধ করতে হবে। এর ফলে সরকারের ফিসক্যাল স্পেস বা আর্থিক সক্ষমতার জায়গা সংকুচিত হয়েছে।
তিনি বলেন, আর্থিক চাপ থাকা সত্ত্বেও দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী দিনে ১ কোটি কর্মসংস্থান তৈরির বড় পরিকল্পনা রয়েছে সরকারের।
বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাজেটের শতভাগ বাস্তবায়ন সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করতে পারলে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।