স্পেনে ভয়াবহ তাপদাহে ৪ দিনে ২১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ইউরোপজুড়ে চলমান তীব্র দাবদাহের মধ্যে স্পেনে গত চার দিনে অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে দেশটির বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্পেনের সরকারি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত রোববার (২১ জুন) থেকে বুধবার (২৫ জুন) পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্পেনের সরকারি মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো’ (MoMo) দৈনিক মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করে অতীতের স্বাভাবিক মৃত্যুহারের সঙ্গে তুলনা করে থাকে। পাশাপাশি আবহাওয়া পরিস্থিতিসহ বিভিন্ন বাহ্যিক কারণও বিবেচনায় নেওয়া হয়। এ ক্ষেত্রে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের (AEMET) তথ্যও ব্যবহার করা হয়েছে।

মোমোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে তাপপ্রবাহজনিত মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের জুন মাসে চার দিনের একই সময়ে যেখানে ৯৮ জনের মৃত্যু হয়েছিল, সেখানে এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। সংস্থাটির তথ্যমতে, ২০২৫ সালের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্পেনে গরমজনিত কারণে মোট ৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছিল, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।

এদিকে চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার বেড়ে ২৮ দশমিক ১৭ ডিগ্রিতে পৌঁছায়। শুধু দিনের তাপমাত্রাই নয়, রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উষ্ণ রাত মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত করে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তোলে।

তীব্র গরমের কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ উত্তর স্পেনের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সাধারণত অপেক্ষাকৃত শীতল এসব এলাকায় এবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। যদিও বৃহস্পতিবারের মধ্যে বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা ধীরে ধীরে প্রত্যাহার করা হয়েছে।