সরকারি হাসপাতালে জন্মালেই মিলবে সোনার আংটি, বিজয়ের নতুন ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ‘থাই মামান সোনার আংটি’ নামে এই প্রকল্পকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তামিল সমাজের ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ রীতির অনুপ্রেরণায় এ প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই রীতিতে নবজাতককে তার মামা আশীর্বাদ হিসেবে উপহার দেন। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতেই সরকারি উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে।

তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে। প্রকল্প বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগ শুধু নবজাতকের পরিবারের জন্য সহায়তা নয়, বরং তামিল সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা।

জানা গেছে, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও এই উদ্যোগটি ছিল। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এবার প্রকল্পটি চালু করতে যাচ্ছে রাজ্য সরকার।

সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জনকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করার ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।