বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২৬ উপলক্ষে লালমনিরহাট রেলওয়ে বিভাগে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে তিনজন রেলকর্মী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। তারা কর্মরত শ্রমিক-কর্মচারীদের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনে ‘গ্রুপ-ক’ থেকে প্রার্থী হয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কমান্ড্যান্ট দপ্তরের স্টেনো মো. রেনায়েল আলম। এই গ্রুপের আওতায় রয়েছে ইঞ্জিনিয়ারিং, আরএনবি, সংস্থাপন, ব্রিজ ইঞ্জিনিয়ার এবং হিসাব বিভাগ।
‘গ্রুপ-খ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালমনিরহাট বিভাগীয় ডিটি (পরিবহন) দপ্তরের কর্মী মো. মাইদুল ইসলাম। তার গ্রুপে পরিবহন, বিদ্যুৎ, মেডিকেল, টেলিকম ও ভূ-সম্পত্তি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে ‘গ্রুপ-গ’ থেকে প্রার্থী হয়েছেন ডিএমই/লোকো দপ্তরের কর্মী মো. মুজাহিদুল ইসলাম। এ গ্রুপে মেকানিক্যাল, সিপি স্কুল, সিগন্যাল ও টেলিকম বিভাগের কর্মীরা অন্তর্ভুক্ত।
প্রচার-প্রচারণার সময় প্রার্থীরা বলেন, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে তাদের আত্মিক ও পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের। নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি এবং অন্যান্য সুযোগ-সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে কাজ করবেন। তারা সহকর্মীদের আস্থা ও সমর্থন কামনা করেন।
রেলওয়ের কর্মচারীরা মনে করেন, এমন প্রতিনিধি নির্বাচন করা প্রয়োজন যারা শ্রমিকদের সমস্যার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যৌক্তিক দাবিগুলো কার্যকরভাবে উপস্থাপন করবেন।
নির্বাচনকে ঘিরে বিভাগের বিভিন্ন দপ্তরে ব্যাপক প্রচারণা চলছে। শ্রমিকদের প্রত্যাশা, এ নির্বাচনের মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে, যা বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে রেলকর্মীদের চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি এবং অসহায় ও দুস্থ কর্মচারীদের আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে। তাই এই নির্বাচনের ফলাফল ভবিষ্যতে শ্রমিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।