মাদারীপুরের রাজৈর উপজেলায় এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে সাড়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার দুপুরে মাদারীপুর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের বাসিন্দা এবং মতিয়ার মোল্লার ছেলে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর।
তিনি জানান, আদালতের এ রায়ে মামলার বাদী ন্যায়বিচার পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষও এ রায়ে সন্তুষ্ট। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।