কুষ্টিয়ার মিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের ব্যবহার বৃদ্ধি এবং জনপর্যায়ে এর সম্প্রসারণের লক্ষ্যে “স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মিরপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. সাগিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ইশিতা আক্তার এবং মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি।
অনুষ্ঠানে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির কার্যকর ব্যবহার, এর বিস্তার এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রযুক্তির অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি গবেষণালব্ধ বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং এসব প্রযুক্তির ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।