মাদারীপুরে ১ লাখ ৭৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে- সিভিল সার্জন

(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় মাদারীপুরে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৫ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন (রবিবার) জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় এ কর্মসূচি একযোগে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার ১ হাজার ৪৮৮টি কেন্দ্রে প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৫৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শুধু রাতকানা রোগ প্রতিরোধ করে না, বরং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং শিশু মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফারহানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত রোগ প্রতিরোধে এ জাতীয় কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।