বিগত সরকারের নেওয়া প্রায় ১ হাজার ৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এসব প্রকল্পকে সরকারের জন্য ‘লায়াবিলিটি’ বা দায় হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীতে ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার আগের সরকারের নেওয়া প্রায় ১ হাজার ৩০০ ডেভেলপমেন্ট প্রজেক্ট উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এসব প্রকল্পের অনেকগুলোর কাজ ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে। ফলে চাইলেও সব প্রকল্প বাতিল করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, কিছু প্রকল্প বাদ দেওয়া সম্ভব হয়েছে, তবে সব বাদ দেওয়া যাচ্ছে না। অনেক প্রকল্প এমন অবস্থায় রয়েছে যে সেগুলো বন্ধ করাও কঠিন, আবার চালিয়ে যাওয়াও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিগত ১৫ বছরে নেওয়া এসব প্রকল্প এখন সরকারের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, অর্থায়ন সংকট এবং স্পট বায়িংয়ের মতো বিষয়গুলো অর্থনীতিতে চাপ তৈরি করেছে। এর মধ্যেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে অর্থনীতিতে নতুন চিন্তা ও মডেল তৈরির চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামগঞ্জে মৃৎশিল্প, শীতলপাটি ও অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এসব পণ্যের বাজার সম্প্রসারণ করা গেলে কারিগরদের আয় বাড়বে। বর্তমানে যে পণ্য ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, তা আরও উন্নত বিপণনের মাধ্যমে ২ হাজার টাকায় বিক্রি করা সম্ভব। মানুষের আয় বাড়লে দেশের জিডিপিও বাড়বে। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা ও অর্থনৈতিক সুফল বিবেচনায় নেওয়া হবে।