বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএনপির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দলের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, রাজনৈতিক সংলাপ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্কের নতুন ভিত্তি তৈরি করবে এবং ভবিষ্যতে রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সহায়ক হবে।

উল্লেখ্য, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক, যা দুই দলের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।