প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার জানান, প্রথম ধাপে দেশের পাঁচটি ভিসা সেন্টার থেকে পর্যটন ভিসার কার্যক্রম পরিচালনা করা হবে। এসব ভিসা সেন্টার হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পরবর্তীতে অন্যান্য ভিসা কেন্দ্রও চালু করা হবে।
এর আগে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির পর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে কূটনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন ভিসা কার্যক্রম বন্ধ থাকায় চিকিৎসা, ব্যবসা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশিরা সমস্যায় পড়েন। নতুন সিদ্ধান্তের ফলে আবারও পর্যটন ও ভ্রমণ কার্যক্রম স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, ধাপে ধাপে ভিসা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ভিসা সেবা সহজ ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের মানুষের যাতায়াত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।