ফাটা ও শুষ্ক ঠোঁটের যত্নে ভরসা হতে পারে ঘি, জেনে নিন সহজ কিছু উপায়

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ঠোঁটের শুষ্কতা, ফেটে যাওয়া কিংবা খসখসে ভাব অনেকের কাছেই পরিচিত সমস্যা। ঋতু পরিবর্তন ছাড়াও বছরের বিভিন্ন সময়ে এ ধরনের সমস্যায় ভুগতে হয়। অধিকাংশ মানুষ সমাধানের জন্য নানা ধরনের লিপবাম বা প্রসাধনী ব্যবহার করলেও, ঘরোয়া একটি উপাদানেই মিলতে পারে কার্যকর যত্ন। সেই উপাদানটি হলো ঘি।

পুষ্টিগুণে সমৃদ্ধ ঘি শুধু খাদ্য হিসেবেই নয়, ঠোঁট ও ত্বকের পরিচর্যাতেও উপকারী বলে মনে করা হয়। এতে থাকা প্রাকৃতিক ফ্যাটি উপাদান ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে, ফলে ঠোঁট নরম ও মসৃণ থাকে।

কিছু সাধারণ উপাদানের সঙ্গে ঘি মিশিয়ে সহজেই তৈরি করা যায় ঠোঁটের যত্নের কার্যকর মিশ্রণ।

ঘি ও মধু
এক চা-চামচ ঘির সঙ্গে আধা চা-চামচ মধু মিশিয়ে রাতে ঠোঁটে লাগাতে পারেন। এটি ঠোঁটের শুষ্কতা কমাতে এবং ফাটা অংশকে কোমল করতে সাহায্য করে।

ঘি ও নারকেল তেল
সমপরিমাণ ঘি ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে সংরক্ষণ করুন। নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের রুক্ষতা কমে এবং দীর্ঘ সময় নরম থাকে।

ঘি ও গোলাপের পাপড়ি
তাজা গোলাপের পাপড়ি বেটে ঘির সঙ্গে মিশিয়ে ঠোঁটে ব্যবহার করলে ঠোঁটের শুষ্ক ভাব কমতে পারে। পাশাপাশি ঠোঁটের স্বাভাবিক উজ্জ্বলতাও বাড়তে পারে।

ঘি ও বিটের রস
সামান্য বিটের রসের সঙ্গে এক চা-চামচ ঘি মিশিয়ে ব্যবহার করলে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। এর ফলে ঠোঁটে প্রাকৃতিক আভাও দেখা দিতে পারে।

ঘি ও ভিটামিন ই
এক টেবিল-চামচ ঘির সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ব্যবহার করলে ঠোঁট দীর্ঘ সময় আর্দ্র থাকে এবং কোমলতা বজায় রাখতে সহায়তা করে।

ঠোঁটের সুস্থতা ও সৌন্দর্য রক্ষায় সবসময় ব্যয়বহুল প্রসাধনীর প্রয়োজন হয় না। নিয়মিত পরিচর্যা এবং ঘিয়ের মতো সহজলভ্য উপাদানের ব্যবহারেই ঠোঁটকে রাখা সম্ভব নরম, মসৃণ ও প্রাণবন্ত।