প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। বুধবার (২৫ জুন) গভীর রাতে বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম এবায়দুল ইসলাম রাইয়ান (২২)। তিনি ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাইয়ানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে গত চার থেকে পাঁচ দিন ধরে ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে রাইয়ান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের মা অসুস্থ থাকায় বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে রাইয়ান তার প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থায় রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দেন তিনি।
তিনি আরও জানান, ঘটনাটি ভিডিও কলে দেখতে পেয়ে ওই তরুণী রাইয়ানের বন্ধুদের বিষয়টি জানান। পরে বন্ধুরা দ্রুত রাইয়ানের বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। তবে তার মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে রাত পৌনে ৪টার দিকে রাইয়ানের মা ঘুম থেকে উঠে দরজা খুললে বন্ধুরা তাকে উদ্ধার করেন। এরপর তাকে দ্রুত মোটরসাইকেলে করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।