প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, রাজনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান লিউ হাইক্সিং। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথা স্মরণ করেন এবং জানান, ২০০১ সালে তার চীন সফরের একটি ঐতিহাসিক ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

বৈঠকে লিউ হাইক্সিং বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রসঙ্গ উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে।

চীনা নেতা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে চীন সবসময় দৃঢ় সমর্থন দিয়ে আসছে। পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে লিউ হাইক্সিং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও উন্নত জীবন লাভ করবে বলে তিনি বিশ্বাস করেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী সান হাইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।