‘পাটালি গ্রুপের’ দুই ছিনতাইকারী ধরা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালি গ্রুপ’ নামে পরিচিত একটি কুখ্যাত ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জুয়েল (২৫) ও শাকিল (২২) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন মোহাম্মদপুরকেন্দ্রিক কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালি গ্রুপের’ সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।