পলাশে নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

পলাশ উপজেলা প্রতিনিধি, কামরুজ্জামান  প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত ইব্রাহিম খান নরসিংদীর পাঁচদোনা এলাকার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে ইব্রাহিম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরে বৃহস্পতিবার দুপুরে পথচারীরা দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করলে সড়কের পাশের কালভার্টের নিচে মরদেহটি দেখতে পান।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।