নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে মরিয়ম (২০) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।

নিহত মরিয়ম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. মাজেদের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মরিয়মকে তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দারিয়াপুর) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে সব্দালপুর গ্রামের রবিউল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এ ঘটনায় মরিয়মের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।