সাতক্ষীরা জেলা প্রশাসককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে প্রচারিত বক্তব্যকে ‘বিকৃত ও বিভ্রান্তিকর’ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সাতক্ষীরা জেলা শাখা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর ওলামা দলের আহ্বায়ক কামরুজ্জামান কামু, সদস্য সচিব একরামুল হোসেন মিলন, পৌর বিএনপি নেতা কাজী মিয়ারাজ, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কলেজ ছাত্রদলের সভাপতি শাহজালাল এবং শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে জেলা প্রশাসকের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের দাবি, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচার চালিয়ে কিছু গোষ্ঠী রাজনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টা করছে।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, জেলা প্রশাসককে ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও মিথ্যাচার সাতক্ষীরার সাধারণ মানুষ মেনে নেবে না। মানববন্ধনে বিএনপি, ওলামা দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।