টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই আগামী রোববার ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে আলবিসেলেস্তেদের জন্য।
নকআউট নিশ্চিত হওয়ায় প্রধান কোচ লিওনেল স্কালোনি নিয়মিত একাদশের কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ম্যাচটিতে আর্জেন্টিনার সাত ফুটবলারের বিশ্বকাপ অভিষেক হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গোলরক্ষক পজিশনে এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিলে জেরোনিমো রুল্লি অথবা হুয়ান মুসো সুযোগ পেতে পারেন। রুল্লি কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও এখনো বিশ্বকাপ ম্যাচ খেলার সুযোগ পাননি। মুসোর জন্য হতে পারে প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা। রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো না থাকায় নিকোলাস ওতামেন্দির পাশে মার্কোস সেনেসির মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সেনেসির জন্য এটি হতে পারে বিশ্বকাপে প্রথম ম্যাচ।
মিডফিল্ডে জিওভান্নি লো সেলসো ও ভ্যালেন্তিন বার্কোকে দেখা যেতে পারে। চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করা লো সেলসোর এখনো বিশ্বকাপে অভিষেক হয়নি। তরুণ বার্কোও ক্লাব ও জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন।
আক্রমণভাগে জুলিয়ানো সিমিওনে ও হোসে মানুয়েল লোপেসের অভিষেকের সম্ভাবনাও রয়েছে। তবে নিয়মিত একাদশের খেলোয়াড়দের কারণে তাদের সুযোগ পাওয়া নির্ভর করবে স্কালোনির সিদ্ধান্তের ওপর। সম্ভাব্য একাদশে থাকতে পারেন—রুল্লি/মার্টিনেজ, মন্তিয়েল, ওতামেন্দি, সেনেসি, তালিয়াফিকো, পালাসিওস, পারেদেস, বার্কো, মেসি/নিকোলাস পাস, জুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।