গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চীনের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে অনুষ্ঠিত এ সফরের গুরুত্বপূর্ণ পর্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বাগত জানানো হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় ও দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব শেষে লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান।

সেখানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মান জানিয়ে তোপধ্বনিও দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন। রাষ্ট্রীয় এই আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সফরসূচিতে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। গ্রেট হলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন সরকারি সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়ায় কর্মসূচি শেষ করে তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম-এর সম্মেলনে অংশ নেন। পরে বুধবার বিকেলে দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন এবং তখনও গ্রেট হলে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনায় উপস্থিত ছিলেন।