সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের কোনোভাবেই নিরুৎসাহিত না করতে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিএমডি) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের সাধারণ গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সঞ্চয়পত্র বিক্রির নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও কিছু তফসিলি ব্যাংক নানা প্রক্রিয়া বা অজুহাত দেখিয়ে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘সঞ্চয়পত্র বিধিমালা, ১৯৭৭’-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করে থাকে। তাই সাধারণ বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী নিয়মিত সঞ্চয়পত্র বিক্রিতে সহযোগিতা করা এবং সেবার মান নিশ্চিত করা ব্যাংকগুলোর দায়িত্ব।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিটি ব্যাংক শাখায় সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে এবং তা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কোনো গ্রাহক সঞ্চয়পত্র সংক্রান্ত সমস্যার বিষয়ে অভিযোগ করলে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা হয়রানি গ্রহণযোগ্য হবে না। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে বিশেষ চিঠি পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সঞ্চয়পত্র সাধারণ মানুষের নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। তাই গ্রাহকদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ রাখার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।