রেমিট্যান্সে সুবাতাস, ২৩ দিনে এলো ২৭ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার কোটি টাকার বেশি। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ৭৩ লাখ ডলার।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনের প্রথম ২৩ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ২২৩ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার।

এ হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে প্রবাসী আয় বাড়ার পেছনে ব্যাংকিং চ্যানেলে ডলারের ভালো প্রবাহ, প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে চলতি বছরের মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি ছিল দেশের ইতিহাসে এক মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য, রিজার্ভ পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।