বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দুই জয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে দলের অধিনায়ক লিওনেল মেসিও গড়েছেন নতুন ইতিহাস। তবে আনন্দের মধ্যেই আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর চোট।
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ম্যাচের ৫৭তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় মাঠে নামেন নিকোলাস তালিয়াফিকো। ম্যাচ শেষে রোমেরোর চোট নিয়ে কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানান, তার চোটের অবস্থা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
স্কালোনি বলেন, “ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি। তবে এ ধরনের সমস্যায় সে আগেও ভুগেছে। আশা করছি, এবার বিষয়টি গুরুতর কিছু নয়। সে শুধু আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, যেকোনো ফুটবলারের জন্য এমন চোট ভালো খবর নয়।”
তবে নিজের দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী রোমেরো। তিনি জানান, চোট গুরুতর নয় এবং কয়েক দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। রোমেরো বলেন, “এটা গুরুতর কিছু নয়। তিন-চার দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব।”
গ্রুপ ‘জে’ থেকে ইতোমধ্যে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে আগামী ২৮ জুন জর্দানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে বিশ্রাম দেওয়া হতে পারে। দলের বিকল্প খেলোয়াড়দের ওপরও আস্থা রয়েছে বলে জানিয়েছেন স্কালোনি।
তিনি বলেন, “সে যদি না-ও খেলতে পারে, তাহলে যে মাঠে নামবে, সে অবশ্যই ভালো করবে। দলের সবাইকে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়।” পরবর্তী পর্বের আগে রোমেরোর চোট কতটা গুরুতর, সেটিই এখন আর্জেন্টিনা সমর্থকদের বড় চিন্তার বিষয়। তবে খেলোয়াড় ও কোচ—দুজনের বক্তব্যেই দ্রুত সুস্থ হয়ে ফেরার আশার বার্তা পাওয়া গেছে।