চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় ধাওয়া করে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মন্টু দোকান এলাকার সামনে পাকা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন—নুর মোহাম্মদ (৩৭), কামরুল ইসলাম শেখ (৪৯) এবং শাহাদাত হোসেন (৩৫)।
বাঁশখালী থানার এসআই কাজী আবু কাউছার ও এএসআই মো. মনির হোসাইনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি ডাকাত দল পিকআপযোগে পেকুয়া এলাকা থেকে বাঁশখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়।
পরে সন্দেহভাজন পিকআপ গাড়িটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে। এরপর ধাওয়া করে চেচুরিয়া এলাকায় মন্টু দোকানের সামনে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৭–৮ জন পালিয়ে যায়।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, আটকদের কাছ থেকে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে এবং সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।