পীরগঞ্জে ৪৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুরু

রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

রংপুরের পীরগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ জুন) উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ। তিনি বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের এই প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজতলা প্রস্তুত, উন্নত জাতের ধানের চারা উৎপাদন, সুষম সার ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তথ্য অনুযায়ী, উপজেলার মোট ৪ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটুসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, কৃষক ও কৃষাণীরা।

বক্তারা বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ, গবেষণা ও ভর্তুকি কার্যক্রমের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা আরও শক্তিশালী করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।