নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রমজান আলী সাতক্ষীরা প্রতিনিধি : প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ-এর সৌজন্যে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, অতিরিক্ত আইজিপি (অব.) ও অ্যাডভাইজার, জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ।

দিনব্যাপী এ কর্মশালায় মানব পাচারের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধে করণীয়, পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, আইনগত সহায়তা, পুনর্বাসন কার্যক্রম এবং এ বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক ও মানবিক সমস্যা। এটি প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং পুলিশ, প্রশাসন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাচারের শিকার ব্যক্তিদের সঠিক সহায়তা প্রদান ও পুনর্বাসনে সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা মানব পাচার বিষয়ে সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে মানব পাচার প্রতিরোধে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।