দিঘলিয়ায় কোরিয়ায় কর্মসংস্থান বিষয়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে করণীয়” শীর্ষক একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলহাজ্ব সারোয়ার খান কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, দিঘলিয়ার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি র প্রজেক্ট ফিল্ড ম্যানেজার হা মিনজুং, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত।

এছাড়া বিভিন্ন কলেজের অধ্যক্ষ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী, অভিভাবক ও সুধীজন কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বক্তারা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা, কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারের অগ্রাধিকার প্রকল্প “৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান” বাস্তবায়নে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি এমপি এস. কে. আজিজুল বারী হেলাল বলেন, বৈশ্বিক শ্রমবাজারে টিকে থাকতে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হা মিনজুং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনা ও দক্ষ জনশক্তির চাহিদা বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশি তরুণরা কোরিয়ার শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

সভাপতির বক্তব্যে ইউএনও সুজন দাস গুপ্ত বলেন, বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কর্মশালার শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা কোরিয়ায় পড়াশোনা, কর্মসংস্থান, ভিসা প্রক্রিয়া, ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ এবং দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।