ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

ডিফেন্ডার দানিয়েল মুনোজের একমাত্র গোলে ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। বুধবার (২৪ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। তবে জেমস রদ্রিগেজ, লুইস দিয়াস ও জন আরিয়াসদের একের পর এক আক্রমণ দারুণ দক্ষতায় প্রতিহত করেন ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণের দিক থেকে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কলম্বিয়া। গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় লাতিন আমেরিকার দলটিকে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি বাড়ায় কলম্বিয়া। তবে প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় তাদের। শেষ পর্যন্ত ম্যাচের ৭৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য।

হুয়ান কুইন্তেরোর দারুণ পাস থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগান দানিয়েল মুনোজ। বক্সের ভেতর বল পেয়ে ডান দিক থেকে শক্তিশালী শটে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ডিআর কঙ্গো। বদলি খেলোয়াড় নাথানায়েল এমবুকুর দূরপাল্লার শট এবং কয়েকটি আক্রমণে চাপ তৈরি করলেও কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস দৃঢ় হাতে দলকে রক্ষা করেন। যোগ করা সময়েও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। তবে শেষ মুহূর্তের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।

শেষ পর্যন্ত দানিয়েল মুনোজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব থেকেই পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করল তারা। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো ডিআর কঙ্গোকে।