টঙ্গীতে আগুনে পুড়ল ২৫ ঘর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একই মালিকের প্রায় ২৫টি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।