বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য সৌদি আরবে আবাসন ও অন্যান্য স্থাবর সম্পত্তির মালিকানার সুযোগ আরও সম্প্রসারণ করেছে দেশটির সরকার। তেলনির্ভর অর্থনীতিকে বহুমুখী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা।
মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভা অ-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা আইন বাস্তবায়নের জন্য প্রণীত নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন করে। এই বিধিমালায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো সৌদি আরবের কোন কোন এলাকায় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া অ-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা আইনকে আরও কার্যকর করতেই নতুন এই বিধিমালা আনা হয়েছে। এর আগে নির্দিষ্ট শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে বিদেশিদের জন্য সৌদিতে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ চালু করা হয়েছিল।
নতুন বিধিমালা অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এখন থেকে সৌদি আরবে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প খাতের সম্পত্তি সরাসরি কিনতে ও মালিকানা নিতে পারবেন। পাশাপাশি সৌদিতে বৈধভাবে ব্যবসা পরিচালনার অনুমতি পাওয়া বিদেশি কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে।
এর আওতায় বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের প্রধান কার্যালয়, অফিস, উৎপাদন কারখানা ও গুদামঘরের মতো ব্যবসায়িক স্থাপনার মালিকানা নিতে পারবে। এতে দেশটিতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কার্যক্রম সম্প্রসারণ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
সৌদি সরকার জানিয়েছে, এই উদ্যোগ দেশটির উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতের সম্প্রসারণ এবং আবাসন ও রিয়েল এস্টেট খাতের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন এই নীতিমালা সৌদি আরবের আবাসন বাজারে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও স্বচ্ছ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় আবাসন বাজার হিসেবে সৌদির রিয়েল এস্টেট খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এতে বড় ধরনের সুবিধা পেতে পারে। অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় নেওয়া এই সিদ্ধান্ত সৌদির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে আরও বহুমুখী ও বৈশ্বিক বিনিয়োগবান্ধব করার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।