চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যুকে ঘিরে রহস্য

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. আলম (৪৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গত মঙ্গলবার একটি মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয় এবং পরে আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বুধবার (২৪ জুন) সকালে কারা হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাস্টার বাড়ি এলাকার মৃত পেঠানের ছেলে। তার আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ, গ্রেফতারের সময় আলম সুস্থ ছিলেন এবং তাকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ ও কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠায়। তার মৃত্যুর বিষয়ে কারা কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, সকালে বন্দী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, কারাগারে কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি। নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।