চকরিয়ায় সড়ক উন্নয়নকাজে ধীরগতি, জনদুর্ভোগ চরমে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাঈনুদ্দিন  প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে প্রায় ২ কিলোমিটার সড়কের চলমান উন্নয়নকাজ ধীরগতিতে চলায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়নকাজ চললেও অগ্রগতি সন্তোষজনক নয়। সড়কের বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ি, নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং অসমাপ্ত কাজের কারণে প্রতিদিনই চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

বর্ষার কারণে সড়কের অনেক অংশ কাদাময় হয়ে পড়েছে, ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত জনবল না থাকায় কাজ ধীরগতিতে চলছে এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হচ্ছে না। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও তুলেছেন তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমো এন্টারপ্রাইজের পরিচালক মো. নাছির বলেন, বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্নের আশ্বাস দেন এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

চকরিয়া উপজেলা প্রকৌশলী বলেন, সড়ক উন্নয়নকাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। ঠিকাদারকে জনবল বাড়িয়ে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই কাজের গতি বাড়বে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়ক নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন।