সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম এবং কনস্টেবল তোফায়েল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় দুপুরের দিকে দায়িত্বরত কর্মকর্তাদের অসতর্কতার সুযোগ নিয়ে আশাব উদ্দিন হঠাৎ দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি ঘটার পরপরই তাকে ধরতে চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

আসামি পালানোর ঘটনায় পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি তদন্তে প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, “আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি কর্তব্যে অবহেলা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় দুই এএসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।”

তিনি আরও বলেন, পলাতক আসামি আশাব উদ্দিনকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।