সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনায় যুবকদের সম্পৃক্ততার দাবিতে উচ্চপর্যায়ের সংলাপ

আব্দুর রশিদ সাতক্ষীরা। প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলায় যুব-নেতৃত্বে দুর্যোগের ওপর স্থায়ী আদেশাবলী (এসওডি) ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে তাদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

সংলাপে বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ অঞ্চলে ঝুঁকি মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধিতে যুবকদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় যুব প্রতিনিধিরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবকদের আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অর্ণব দত্ত বলেন, “সাতক্ষীরা দেশের অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং এসওডি অনুযায়ী তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করা জরুরি। যুব সমাজ আমাদের শক্তি। দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার এবং ঝুঁকি হ্রাসে তাদের প্রশিক্ষিত ও সম্পৃক্ত করতে হবে।”

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে মাঠপর্যায়ে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং নারী, শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও লিঙ্গ-সংবেদনশীল আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে।

সংলাপে অংশগ্রহণকারী অতিথি ও গণমাধ্যমকর্মীরা বলেন, স্থানীয় সরকার, যুবসমাজ ও অংশীজনদের মধ্যে তথ্যভিত্তিক সংলাপ দুর্যোগ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে। তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে যুব-নেতৃত্বাধীন সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস সংলাপে উত্থাপিত সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।