সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ক্লোসার অভিনন্দন

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে ইতিহাসের শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে ৩৮ মিনিটে করা গোলটি ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ১৭তম গোল। এর মাধ্যমে তিনি ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। পরে আরও একটি গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর আগে কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে ১৬তম গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ক্লোসা। জার্মান এই স্ট্রাইকার নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছিলেন। অন্যদিকে মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপে ২৮তম ম্যাচে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন।

মেসির এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়েছেন ক্লোসা। তিনি বলেন, “আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!”

রেকর্ড ভাঙার আগেই মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, রেকর্ড একদিন ভাঙবেই। মেসি যদি সেটি ভাঙতে পারে, তাহলে তিনি খুশি হবেন। মেসিকে তিনি অবিশ্বাস্য একজন ফুটবলার বলেও উল্লেখ করেন। শুধু গোলের রেকর্ড নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপ মঞ্চে তার ১৮তম জয়।

এ ছাড়া ক্লোসার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপ আসরে চার বা তার বেশি গোল করার কীর্তিও গড়েছেন মেসি। ২০১৪, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ে লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তার এই অর্জন তাকে বিশ্বকাপের কিংবদন্তিদের তালিকায় আরও উঁচুতে নিয়ে গেল।