গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (SICIP) প্রকল্পের আওতায় ১ম সাইকেলে ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রশিক্ষণ উপকরণ প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমান বিশ্ব দক্ষতার বিশ্ব। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ কারিগরি শিক্ষায় এক নতুন উচ্চতায় পৌঁছেছে। SICIP প্রকল্পের এই প্রশিক্ষণ শুধু কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে না, বরং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করবে।”
তিনি আরও বলেন, “সরকার প্রদত্ত এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগিয়ে নিজের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।” লালমনিরহাট টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মাছুম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি লালমনিরহাটের সহকারী প্রকৌশলী মোছাম্মদ মুনিরা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর শ্রী যজ্ঞেশ্বর বর্মন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘদিন ধরে মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণার্থীদের দেওয়া এসব উপকরণ তাদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করবে।
তারা আশা প্রকাশ করেন, SICIP প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জন করে প্রশিক্ষণার্থীরা আগামী দিনে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের হাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ তুলে দেন। এ সময় টিটিসির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।