“যুবদলের হামলায় শিবির নেতা সাইফুল্লাহ্ বারী নিহতের ঘটনায় জেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ”

স্টাফ রিপোর্টার ওয়াসিম রেজা প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল্লাহ বারী (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত কর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নেতারা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামায়াত নেতাদের অভিযোগ, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন এবং চাপের মুখে কমিটি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করা হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোকলেছুর রহমান মুকুল, পলাশ ও যুগ্ম আহ্বায়ক আশরাফ হামলা চালান। এতে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন এবং সালাহউদ্দিন গুরুতর আহত হন বলে তারা দাবি করেন।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এবং জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান পৃথক বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

নেতারা আরও বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।