মাদারীপুরের শিবচরে পার্টনার পিএফএস কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মাদারীপুরের শিবচরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার পিএফএস কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) শিবচর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। তিনি কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ কৃষির রূপান্তরে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান। তিনি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও কৃষকদের জন্য এর সম্ভাব্য সুফল সম্পর্কে আলোচনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন এবং ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাফিজ হাসান।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিএফএস কংগ্রেসের মাধ্যমে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।