“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বিশ্বব্যাংকের অর্থায়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় পরিচালিত স্মার্ট প্রকল্পের আওতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটির কার্যক্রম ঝিনাইদহ জেলার ১৩টি ইউনিয়ন এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ১৭টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাড়িয়া পরিবেশ ক্লাবের উদ্যোগে গদখালী বাজার সংলগ্ন টাওড়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ দীপংকর দাস, উপ-পরিচালক, হর্টিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাড়িয়া পরিবেশ ক্লাবের সভাপতি মো. মনজুর আলম। সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের পরিবেশ ও সামাজিক কর্মকর্তা বাপ্পী কুমার অধিকারী। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পরিবেশ বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, বেশি বেশি বৃক্ষরোপণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, উদ্যোক্তা ও পরিবেশ ক্লাবের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া পরিবেশ ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বর্জ্য ব্যবস্থাপনা বিন ও গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।