বিশ্বকাপে যত কীর্তি গড়লেন মেসি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা এই তারকা শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন। ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। তবে পরে গোল করে শুধু কাঙ্ক্ষিত রেকর্ড স্পর্শই করেননি, নিজের নামের পাশে যোগ করেছেন আরও কয়েকটি অনন্য কীর্তি।

বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৭। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন। শুধু গোলের দিক থেকেই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন মেসির দখলে। তার জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন মিরোস্লাভ ক্লোসা, যার জয় ছিল ১৭টি।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম গোল করে আরও একটি বিরল কীর্তি গড়েন আর্জেন্টাইন এই মহাতারকা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি ভিন্ন দলের বিপক্ষে প্রথম গোল করার রেকর্ড গড়েছেন তিনি। এ ছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়ার রেকর্ডও এখন মেসির। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।

টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এর আগে সমান সংখ্যক ম্যাচে গোল করার কৃতিত্ব ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দলের সব গোলই এসেছে মেসির পা থেকে। তার গোলসংখ্যা ৫ এবং আর্জেন্টিনার মোট গোলও ৫। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন নজির গড়েছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্কো, যিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে দলের প্রথম পাঁচ গোল করেছিলেন।

তবে রেকর্ডময় এই ম্যাচে একটি বিব্রতকর পরিসংখ্যানও যোগ হয়েছে মেসির নামের পাশে। বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি পেনাল্টি মিস করা ফুটবলার এখন তিনি। এর আগে দুইটি পেনাল্টি মিস করে ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। রেকর্ড ও অর্জনে ভরা এই ম্যাচে আবারও বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। তার অসাধারণ পারফরম্যান্সে নতুন এক অধ্যায় যুক্ত হলো বিশ্বকাপের ইতিহাসে।