কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফসী রোপা আমনের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান বীজ, সার ও মরিচ বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশোর, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, রাজু আহমেদ, ফখরুল ইসলাম, তাজুল ইসলামসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি কৃষকদের উদ্দেশে বীজতলায় ধান বীজ বপনের সঠিক কৌশল, উন্নত জাতের বীজ ব্যবহারের গুরুত্ব এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফুলবাড়ী উপজেলার মোট ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী রোপা আমনের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মরিচ বীজ ও সার দেওয়া হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, ফলন বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে সহায়তা করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের প্রণোদনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।