ফুলবাড়িতে কৃষকদের মাঝে বীজ,সার ও কীটনাশক বিতরণ

মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কৃষি পুনর্বাসন খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় মরিচ (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ, সার ও কীটনাশক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন ও উৎপাদন বৃদ্ধিতে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে উন্নতমানের বীজ, সার ও কীটনাশক পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড মরিচ বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার এবং কীটনাশক বিতরণ করা হয়েছে। এর ফলে চলতি মৌসুমে মরিচের আবাদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি উৎপাদনও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে কৃষি উপকরণ পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং অধিক ফলন অর্জনে সহায়ক হবে।