পাথরঘাটায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন( কায়েস) জেলা প্রতিনিধি বরগুনা প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঘোষিত জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সোমবার (২২ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার রায়হানপুর ইউনিয়নে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মো. আলম খানের বসতঘর সংলগ্ন উত্তর পাশের রান্নাঘর থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলম খান (৪৬) এবং মো. শহিদুল ইসলাম হাওলাদার (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২৩ জুন বরগুনার পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।